কবর থুঁড়ে ব্যবসায়ীর দেহ পাঠান হল ময়নাতদন্তে
দি নিউজ লায়ন ; দোকানের সামনে নোংরা ফেলা নিয়ে বিবাদের জেরে ব্যবসায়ী ভাইকে মারধর করে খুনের অভিযোগ উঠলো তার খুড়তুতো ভাইদের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানার রেলপারের ওকে রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত, শ্বশুরের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে আসানসোলের রেলপারের ওকে রোড সংলগ্ন কবরস্থান থেকে ব্যবসায়ীর দেহ তোলে পুলিশ। পরে সেই দেহর ময়নাতদন্ত করা হয় আসানসোল জেলা হাসপাতালে। মৃত ব্যবসায়ীর নাম মহঃ ইশরার ওরফে গোল্ডেন (৩৫)। তার বাড়ি ওকে রোডে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল বাজারে ওকে রোডের বাসিন্দা মহঃ ইশরার ওরফে গোল্ডেনের কাপড়ের দোকান আছে। গত রবিবার সেই দোকানের সামনে নোংরা ফেলা নিয়ে খুড়তুতো ভাইয়েদের সঙ্গে ঝগড়া হয়। অভিযোগ তখন তারা পাঁচজন মিলে ইশরারকে মারধোর করে। প্রথমে দুজন তাকে বেধড়ক পেটায় ও গলা টিপে দেয়। মার খেয়ে ইশরার অসুস্থ ও অচৈতন্য হয়ে পড়ে।
সেই অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইশরার মারা গেছে বলে চিকিৎসক জানান। এরপর রবিবারই ইশরারের মৃতদেহ রেলপারের কবরস্থানে কবর দেওয়া হয়।
জামাই ইশরারের এই মৃতুর খবর পান তার শশুর মুস্তাফিজ আলম।তিনি হাজারিবাগ থেকে এসে ইশরারকে খুন করার একটি অভিযোগ দায়ের করেন তার খুড়তুতো ভাইদের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায়। সেই অভিযোগ পেশে পুলিশ একটি মামলা করে। সেই মামলা আসানসোল আদালতে উঠলে বিচারক কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।

Post a Comment